চট্টগ্রামে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রোববার
ফাইল ছবি
পাঁচ দফা দাবিতে আজ রবিবার ভোর থেকে চট্টগ্রামে চলছে পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি।
এ ব্যাপারে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, বেশ কিছু দিন আগে সরকারের কাছে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে।
কিন্তু দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়ায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলবে। এরপর যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ১৬টি ডিপো থেকে সব ধরনের কনটেইনার পরিবহন কার্যত বন্ধ রয়েছে।
এর আগে সরকারের কাছে পাঁচ দফা দাবি দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা ট্যাঙ লরি শ্রমিক ইউনিয়ন।
দাবিগুলোর মধ্যে হচ্ছে-
১.ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা
২.কাভার্ড ভ্যান ও প্রাইমমুভারের সিটি কর্পোরেশনের বর্ধিত কর প্রত্যাহার
৩.পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা
৪.বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ করা এবং
৫.বে-টার্মিনালের পাশে পণ্যবাহি গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করা।
