একসঙ্গে এলো ৫ সন্তান: আরজিনাকে এখন আর কেউ…
জেলা করেসপন্ডেন্ট
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০১:১৫ পিএম, ১৮ মে ২০১৬ বুধবার
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৫ ভাইবোন, পাশে মা আরজিনা বেগম -নিউজওয়ান২৪.কম
রংপুর: হয়না হয় না করে একসঙ্গে মায়ের কোল জুড়ে এলো ৫ ভাইবোন। গাইবান্ধার আরজিনা বেগম এই সৌভাগ্যবতী মা।
তবে এতদিন সন্তান না হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকজনসহ কমিবেশি সবার গঞ্জনাই নিরবে সইতে হয়েছে তাকে। সেই আরজিনার কোল যেন ঠিক ঠিক আলো করে দিল তিন পুত্র আর ২ কন্যার মেলা।
মঙ্গলবার রাত নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের প্রসূতি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে পর পর পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয় আরজিনার।
২০০৪ সালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের আরজিনা বেগমের (৩০) বিয়ে হয় শেরকুল ইসলামের সঙ্গে। তারপর থেকে তারা ছিলেন নিঃসন্তান। হাসপাতালের প্রসূতি বিভাগের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রের চিকিৎসক জেসমিন আখতার জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আরজিনাকে হাসপাতালে আনা হয়। পরে রাত নয়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন। মাসহ নবজাতকেরা সুস্থ রয়েছে।
ঢাকায় একটি পোশাক কারখানার কর্মী সিরিকুল শেখ জানান, ২০০৪ সালে বিয়ের হয় তাদের। কিন্তু প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হচ্ছিল না। পরিবারের লোকজনের মধ্যেও অসন্তোষ চলছিল। বিশষ করে আরজিনার ওপর সবাই অসন্তুষ্ট ছিল।
তবে এখন আর কোনো অসন্তোষ নেই। সবাই খুশি। সিরিকুলের পরিবারে আনন্দ উপচে পড়ছে যেন।
আরজিনার শাশুড়ি নূর মহল বেগম নিউজওয়ান২৪.কমকে জানান, বিয়ের একযুগ পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন আরজিনা বেগম। তার ছেলে সিরিকুল ঢাকার একটি পোশাক করখানায় কাজ করেন। তিনি এখনো সন্তানদের দেখতে আসতে পারেননি।
নূর মহল আরও জানান, শুধু একটা সন্তানের আশায় তার বউমাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন। একসঙ্গে এতগুলো নাতি পেয়ে তিনি খুব সন্তুষ্ট।
একটি শিশুর অবস্থা আশংকাজনক!
এদিকে, বুধবার রাত সাড়ে আটটার দিকে সর্বশেষ খবরে জানা গেছে, আরজিনার সদ্যজাত পাঁচটি সন্তানের মধ্যে একটি মেয়ে সন্তানের অবস্থা কিছুটা আশংকাজনক। হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ করে তুলতে।
রমেক হাসপাতালের গাইনী বিভাগের সহকারি অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজির তত্ত্বাবধানে অস্ত্রোপচার করে পাঁচটি সন্তানকে নিরাপদে মায়ের গর্ভ থেকে বের করা হয়।
ডা. ডেইজি জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা নীরিক্ষা করে রাতেই অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউজওয়ান২৪.কম/এসএস/একে
