ডাচ বাংলার এটিএমের টাকা লুণ্ঠনকারী ১০ ডাকাত গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ১১:১৮ এএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ১১:২৫ এএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার
ডাচ বাংলার এটিএম বুথ -ফাইল ফটো
ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ লুটের মূল হোতা রুবেলকে তার নয়জন সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার সকালে র্যাব সদর দফতর জানায়, র্যাব-৯ এর অভিযানে গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া অফিসার এএসপি মিজান নিউজওয়ান২৪.কমকে জানান, কালিয়াকৈরে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথ জালিয়াতির মূলহোতা হাবিব ওরফে রুবেলকে তার নয়জন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সারা রাত ধরে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নয় লাখ ৪ হাজার ৮৪৫ টাকা নগদ উদ্ধার করা হয়।
তবে অভিযানে কোনো গোলাগুলি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সেদিনের ঘটনা
সাম্প্রতিক সময়ে গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা বোঝাই ট্রাংক লুটের ঘটনা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। গত ২মার্চ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহের সময় এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা এক কোটি ৮৪ লাখ টাকা লুটে নেয়।
‘মানিপ্ল্যান্ট’ নামের একটি নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান ওই অঞ্চলের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও ফার্স্ট ট্রাকে টাকা সরবরাহের কাজ করে। ঘটনার রাতে তারা হরিণহাটি বুথে টাকা পৌঁছে দেওয়ার সময় ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার পর কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, মানিপ্ল্যান্টের কর্মীরা কয়েক কোটি টাকা নিয়ে বিভিন্ন বুথে জমা রাখতে বেরিয়েছিলেন। তারা হরিণহাটিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে গেলে পিকআপ ভ্যানে করে আসা ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে দুটি ট্রাংক লুটে নিয়ে যায়।
নিউজওয়ান২৪.কম/একে
