NewsOne24

বিমানের চাকা খুলে পড়ার ঘটনার তদন্ত কমিটি গঠন

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৪৯৪ এর বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে ওই কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর ওই বিমানের একটি চাকা খুলে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান উড্ডয়নের পর সেখানকার কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, ফ্লাইটটি উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ে গেছে। এ সংবাদ পেয়ে ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন আতিক ও ফাস্ট অফিসার ইয়ামিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইর্মাজেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক ঢাকায় ইর্মাজেন্সি ল্যান্ডিংয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।

সকাল ১০টা ২৫ মিনিটে ক্যাপ্টেন আতিক রানওয়ের ওপর লো লেভেল ফ্লাই করে নিশ্চিত হতে চান কোন চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে জানানো হয়, পেছনের ডানপাশের ৪ নম্বর চাকাটি খুলে পড়েছে।

এমতাবস্থায় ক্যাপ্টেন ইর্মাজেন্সি ল্যান্ডিংয়ের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তার অসামান্য দক্ষতা ও নৈপুণ্যতায় নিরাপদ ও সফলভাবে ফ্লাইটটি অবতরণ করান। উক্ত ফ্লাইটে থাকা ৬৬ জন যাত্রী, দুইজন কেবিন ক্রু, একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার এবং দুইজন পাইলট সকলেই নিরাপদ ও অক্ষত ছিলেন এবং এই ঘটনায় উড়োজাহাজেরও কোন ক্ষতি হয়নি।

বিমানটি জরুরি অবতরণকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।