NewsOne24

টঙ্গীতে কয়েলের আগুনে ২ পোশাক শ্রমিক দগ্ধ

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে মশার কয়েলের আগুনে পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে মো. দীন ইসলাম (২৫) এবং শেরপুরের নকলা থানার মধ্য নকলা এলাকার জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (২৪)।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দীন ইসলামের মামা মো. হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিল্পবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামে পোশাক কারখানায় চাকরি করেন। রাতের খাবার খেয়ে মশার কয়েল জ্বালিয়ে তারা একই বিছানায় ঘুমিয়ে পড়েন।

এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। পরে দীন ইসলাম ও জহিরুল চিৎকার শুরু করলে তারা দরজা খুলে বের হয়ে আসেন। পরে এলাকাবাসী বিছানার আগুন নেভান এবং ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি আরো বলেন, জহিরুলের দেহের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তবে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না।