দীর্ঘ ও সুখী জীবনের অন্যতম ভিত্তি...
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:৫২ এএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: অন্তর্জাল
জীবনে সুখী হওয়ার জন্য অনেক টাকা-পয়সা, বিলাসবহুল ব্যবস্থা কিংবা বড় কোনো সাফল্যের প্রয়োজন নেই। বরং পরিবার, বন্ধু, সহকর্মী ও আশপাশের মানুষের সঙ্গে সুন্দর সম্পর্কই জীবনে সুখের বড় উৎস হতে পারে। সুখ নিয়ে দীর্ঘদিনের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
গবেষকদের মতে, মানুষের সঙ্গে মানুষের আন্তরিক যোগাযোগ কেবল আনন্দ বাড়ায় না, কঠিন সময়েও মানসিক শক্তি জোগায়। এমনকি সুস্থভাবে বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রেও এর ভূমিকা আছে।
সম্প্রতি সুখ গবেষণার সঙ্গে যুক্ত বিশ্বের কয়েকজন গবেষক এক আলোচনায় বসেছিলেন। আলোচনায় অংশ নেন সুখ গবেষণার পথিকৃৎ রিচার্ড লেয়ার্ড, সোনজা লিউবোমিরস্কি ও মার্টিন সেলিগম্যানের মতো গবেষকেরা। তাদের আলোচনা থেকে পাওয়া তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল অব হ্যাপিনেস স্টাডিজ সাময়িকীতে।
গবেষকদের মতে, সুখী জীবনের জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে মৌলিক চাহিদা পূরণ, অর্থবহ কাজ, নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন এবং মানুষের সঙ্গে ভালো সম্পর্ক। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সামাজিক সম্পর্কের বিষয়টি।
সুখের অন্যতম ভিত্তি সম্পর্ক
মানুষের জীবনে সম্পর্কের প্রভাব অনেক গভীর। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে সুখ আরও বেড়ে যায়। আবার দুঃখ কিংবা বিপদের সময় কাছের মানুষের উপস্থিতি কষ্ট সামলাতে সাহায্য করে।
বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনসন্তুষ্টি নিয়ে গবেষণাতেও দেখা গেছে, প্রয়োজনে পাশে দাঁড়ানোর মতো কেউ আছে কি না, তা সুখী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। অর্থাৎ ভালো থাকতে হলে কেবল নিজের প্রয়োজন মেটালেই হয় না, প্রয়োজন হয় আন্তরিক কিছু সম্পর্কেরও।
সামাজিকতা চর্চার বিষয়
সামাজিকভাবে মিশতে পারা কেবল মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে না। এটি এমন একটি দক্ষতা, যা চর্চার মাধ্যমে গড়ে তোলা সম্ভব।
আলোচনায় অংশ নেওয়া কয়েকজন গবেষক জানিয়েছেন, তারা নিজেদের ব্যস্ত জীবনে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জন্য আলাদা সময় রাখেন। কেউ ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়াতে কাজের সময়সূচি বদলেছেন। আবার কেউ কৃতজ্ঞতা জানিয়ে বার্তা পাঠানো, মানুষের খোঁজ নেওয়া এবং সাধারণ কথাবার্তার বদলে আলোচনা ও আড্ডায় অংশ নেওয়ার অভ্যাস করেছেন।
তাদের পরামর্শ সম্পর্ক গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। কারও খোঁজ নেওয়া, মনোযোগ দিয়ে কথা শোনা, প্রয়োজনে পাশে দাঁড়ানো কিংবা একসঙ্গে কিছুটা সময় কাটানো—এমন ছোট ছোট কাজই সম্পর্ককে গভীর করে।
কর্মক্ষেত্রেও এর গুরুত্ব আছে। গবেষকদের মতে, যেখানে সহকর্মীরা একে অন্যের প্রতি আস্থাশীল ও সহযোগিতাপূর্ণ, সেখানে কাজের পরিবেশ ভালো থাকে। অন্যের সাফল্যে সহযোগিতা করলে নিজের সাফল্য কমে যায় না। বরং সবাই মিলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।
সুস্থ বার্ধক্যেও প্রয়োজন ভালো সম্পর্ক
সুখী জীবন ও সুস্থ বার্ধক্যের সঙ্গেও সম্পর্কের ঘনিষ্ঠ যোগসূত্র আছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা মানুষের মানসিক সুস্থতা ও জীবনসন্তুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য হার্ভার্ডের দীর্ঘমেয়াদি প্রাপ্তবয়স্কদের জীবনবিষয়ক গবেষণা।
আলোচনায় অংশ নেওয়া গবেষকদের অনেকেই আশি-নব্বই বছর বয়সেও লেখালেখি, শিক্ষকতা ও অন্যদের পরামর্শ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের দীর্ঘ কর্মময় জীবনের পেছনে কোনো একটি অভ্যাসের ভূমিকা আছে, এমন দাবি তারা করেননি। তবে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তাদের নিজেদের জীবনেও প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন।
প্রতিযোগিতা নয়, সহযোগিতায় বাড়ে সুখ
গবেষকেরা তরুণদের মানসিক সুস্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, স্কুল, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রতিযোগিতার প্রবণতা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় অনেক সময় শেখা, কাজ করা ও একসঙ্গে এগিয়ে যাওয়ার আনন্দ হারিয়ে যায়।
প্রতিযোগিতা কখনো কখনো নতুন কিছু করতে উৎসাহ জোগাতে পারে। তবে উন্নতির একমাত্র পথ প্রতিযোগিতা নয়। পারস্পরিক সহযোগিতা, একে অন্যের কাছ থেকে শেখা এবং বিপদে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েও মানুষ এগিয়ে যায়।
গবেষকদের মূল বক্তব্য হলো, একজনের সুখ অন্যজনের অসুখের কারণ নয়। বরং একজনের ভালো থাকা অন্যজনের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সুখী জীবনের জন্য তাই কেবল নিজের দিকে মনোযোগ দিলেই হবে না, যত্ন নিতে হবে আশপাশের মানুষগুলোরও। পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী কিংবা প্রতিবেশীর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ সুখ একা একা তৈরি হয় না; প্রতিদিনের ছোট ছোট যোগাযোগ, সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়েই সুন্দর জীবন গড়ে ওঠে।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
