‘ওরা ফুটবল বোঝে না’
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
নেইমার। ছবি: অন্তর্জাল
চুলের বিভিন্ন ডিজাইন করা ফুটবলের জগতে অহরহ ঘটে চলছে। আর এরই ধারাবাহিকতায় একটু ভিন্ন ধরনের চুল কাটা, রঙ করার প্রবণতা খেলোয়াড়দের মধ্যে দেখা যায়। সম্প্রতি গ্রেমিও ম্যাচে আগে চুলের স্টাইল পরিবর্তনের কারণে সমালোচিত হয়েছেন সান্তোসের তারকা নেইমার ও তার সতীর্থরা। ম্যাচটি হারের পর সেই সমালোচকদের জবাব দিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
চুল ব্লিচ করে খেলতে নেমেছিলেন নেইমার। একই কাজ করেন তার সতীর্থ গাবিগোল, কৌতিনিয়ো, রোদিনেই ও আর্থার। মিক্সড জোনে সাবেক বার্সা তারকার কাছে এক সাংবাদিক জানতে চায়, চুলের এমন স্টাইল অহংকারের ইঙ্গিত দেয় কি না। এমন প্রশ্নে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার, তার সঙ্গে তর্ক জুড়ে দেন।
সান্তোস ফরোয়ার্ড বলেন, ‘কে বলেছে এসব কথা? তারা সম্পূর্ণ ভুল। চুল কিছু বদলায় না। আমি আমার চুলে রঙ করিয়েছি, কিন্তু এটার প্রভাব একদম পড়েনি। সবাই তাদের চুলে রঙ করেছে। ফুটবলের সঙ্গে এটার কিছু করার নেই। আপনি তো দেখলেন আমরা ভালো খেললাম। তাদেরকে ভুলভাবে পেনাল্টি দেওয়া হয়েছিল’।
চুলে রঙ করার কারণে মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়ে, এমন প্রশ্ন তোলা সমালোচকদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘এ ধরনের কথা যারা বলে, তারা ফুটবল বোঝে না। তারা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানে না। তারা জানে না আমরা কী ভাবছি। আমরা নিজেদের ব্যাপারে কত কঠোর, সেটা তারা জানে না’।
এমন মন্তব্য এলেও তাতে গা ভাসাতে চান না নেইমার, ‘অবশ্যই আমরা জানি এই ধরনের মন্তব্যগুলো আসতেই থাকবে। কিন্তু এই মন্তব্যগুলো তাদের, যারা ফুটবল বোঝে না। এটা স্বাভাবিক। চুলে রঙ কিছুই বদলায় না। আমরা ভালো খেলেছি। আমি আমার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ করতে পারি এবং আমি প্রত্যেক ম্যাচে ভালো খেলব। আজ আমাদের শুধু কিছু ফিনিশিং টাচ ও গোলের অভাব ছিল’।
ম্যাচে সান্তোস ৭১ শতাংশ বল দখলে রেখেছিল। গোলেও তারা গ্রেমিওর চেয়ে বেশি শট নিয়েছিল। কিন্তু সেগুলো বড় কোনো সুযোগ তৈরি করার মতো ছিল না। ১৪ মিনিটে আমুজুর গোলে পিছিয়ে পড়ে তারা। তারপর ৭৭ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের গোলে তাদের ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
