NewsOne24

দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও ফিরে আসছে

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩১ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


দেশে লুটপাটনির্ভর রাজনীতি আবারও ফিরে আসছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। অতীতে যারা দেশকে লুটপাট করে বোঝা তৈরি করে গেছে, তার মূল্য এখনো জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়; রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ‘শুধু রাজনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে কোনো দেশ এগোতে পারে না। অর্থনীতির গণতন্ত্রায়ণ করতে হবে।’

অর্থনীতিতে সবার অংশগ্রহণ ও সুফল ভোগের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আমির খসরু আশা প্রকাশ করেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে আরও ২ বছর সময় চেয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে পরিকল্পনা শেষ হয়েছে, এখন বাস্তবায়নের কাজ শুরু হবে। গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আনা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানের কোম্পানি স্থলভিত্তিক গ্যাস টার্মিনাল স্থাপনে বিনিয়োগ করবে।’

বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে দেশে বিপুল ঋণের বোঝা তৈরি হয়েছে এবং ব্যাংক ও পুঁজিবাজার দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এসব খাত পুনর্গঠনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাড়তি দামে জ্বালানি আমদানির চাপ সামলাতে হচ্ছে সরকারকে। এত চ্যালেঞ্জের মধ্যেও বড় উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে আমির খসরু বলেন, বেসরকারি খাতের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়ে চট্টগ্রাম বন্দরের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

তিনি বলেন, মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। শিগগির চট্টগ্রাম বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শুরু হবে। সেখানে পণ্য পরিবহন ও সংরক্ষণের জন্য কার্গো ভিলেজ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দুবাইয়ের জেবেল আলীর আদলে পণ্য সংরক্ষণ ও সরবরাহব্যবস্থা গড়ে তুলতে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামে হেলথ সিটি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে, যার বড় একটি অংশ চট্টগ্রামের জন্য।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মাসব্যাপী এ বাণিজ্য মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ।

প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi