NewsOne24

বিশ্বসেরার তালিকায় শাহরুখ খান

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

শাহরুখ খান। ছবি: অন্তর্জাল

শাহরুখ খান। ছবি: অন্তর্জাল


বলিউড বাদশা শাহরুখ খানের মুকুটে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতির পালক। বিশ্বের সর্বকালের সেরা ১০০ সিনেমা তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, হলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে পেছনে ফেলে তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। তার পেছনে রয়েছেন জোকারখ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও জেন্ডায়ার মতো তারকারা।

সম্প্রতি আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশ করেছে ‘১০০ গ্রেটেস্ট মুভি স্টারস অব অল টাইম’ শিরোনামের এই তালিকা। এতে একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন শাহরুখ খান। ৪ দশকের অভিনয়জীবন, পর্দায় অসাধারণ উপস্থিতি এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে দীর্ঘদিনের জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখছেন অনেকে।

তালিকায় শাহরুখের অবস্থান ৯২তম। তার পরেই ৯৩ নম্বরে রয়েছেন জোয়াকিন ফিনিক্স। ৯৪ নম্বরে এমা স্টোন এবং ৯৮ নম্বরে রয়েছেন জেন্ডায়া। অন্যদিকে তালিকার শীর্ষস্থান দখল করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় অবস্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে রয়েছেন চার্লি চ্যাপলিন।

কেন এই তালিকায় জায়গা পেলেন শাহরুখ? ‘ভ্যারাইটি’র মূল্যায়নে উঠে এসেছে অভিনেতার দীর্ঘ ক্যারিয়ার ও অভিনয়ের বৈশিষ্ট্য। ৪ দশকের বেশি সময় ধরে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পর্দায় তার উপস্থিতি, অভিনয়ের নাটকীয়তা এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে রসিকতা করার সহজাত ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সময়ের সঙ্গে সিনেমার ধরন ও দর্শকদের রুচিতে পরিবর্তন এলেও শাহরুখের জনপ্রিয়তা যে অটুট রয়েছে, সেটিও বিশেষভাবে বিবেচনায় এসেছে।

শাহরুখের অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে ‘ভ্যারাইটি’ বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ। তার বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত। আরও অভিনয় করেন জ্যাকি শ্রফ ও কিরণ খের। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবেও বিবেচিত হয় এটি।

তালিকার প্রথম ১০-এ রয়েছেন মেরিলিন মনরো, হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ডের মতো কিংবদন্তি অভিনয়শিল্পীরা। এমন তারকাদের সঙ্গে একই তালিকায় শাহরুখের জায়গা পাওয়া ভারতীয় সিনেমার আন্তর্জাতিক অবস্থানের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।

এদিকে অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে।

সব মিলিয়ে, ‘ভ্যারাইটি’র এই তালিকায় শাহরুখের অবস্থান আবারও প্রমাণ করল, তার জনপ্রিয়তা কেবল বলিউডের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। দীর্ঘ অভিনয়জীবন পেরিয়েও বিশ্ব সিনেমার দর্শকদের কাছে তিনি সমান পরিচিত ও প্রভাবশালী এক নাম।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi