১৯ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ-বিএনপি নেতাকর্মীরা
নিউজওয়ান২৪ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ছবি: অন্তর্জাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) লকডাউনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদেরও পাহারা ও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা, কাকরাইল, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীরাও দলবদ্ধ হয়ে অবস্থান করছেন। সন্দেহজনক চলাচল ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছেন বলে জানান।
রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি কাকরাইল। রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে এলাকাটিতে সাধারণ সময়েও মানুষের চলাচল থাকে বেশি। লকডাউনকে কেন্দ্র করে সেখানে বাড়তি সতর্কতা লক্ষ করা গেছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।
কাকরাইল মোড়ের কাছেই লাঠি হাতে অবস্থানরত বিএনপির এক কর্মী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা যেন আজ রাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
শান্তিনগর মোড় এবং ফ্লাইওভারের ওঠার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কাকরাইলের মতো খিলগাঁও এলাকাতেও একই ধরনের সতর্কতামূলক অবস্থান দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
খিলগাঁওয়ে অবস্থানরত নয়ন নামের বিএনপির এক কর্মী বলেন, আমরা রাতে পাহারায় আছি। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ রাতে কোনো মিছিল বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। এই অঞ্চলে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো স্থান নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকলেও রাজনৈতিক কর্মসূচি ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে। তাদের আশঙ্কা, লকডাউনকে কেন্দ্র করে সংঘাত, ভাঙচুর কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মজীবী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ বিপাকে পড়তে পারেন।
মো. খায়রুল আলম নামের কাকরাইল এলাকার এক বাসিন্দা বলেন, বিভিন্ন স্থানে আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এটা কোনো ভালো লক্ষণ না। আমরা সাধারণ মানুষ শান্তি চাই। স্বাভাবিক পরিস্থিত চাই। আমরা চাই নিরাপদে চলাচল করতে। কিন্তু বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে তাতে স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কে আছি।
সেগুনবাগিচার এক বাসিন্দা ওমর আলী বলেন, ধুম করে একটু জোরে শব্দ হলেই আমরা আতঙ্কে কেঁপে উঠছি। আমরা সাধারণ মানুষ কোনো সহিংসতা চাই না। আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ধুম করে একটা জোরে শব্দ হলো, সবাই ভয়ে আঁতকে উঠেছি। আমরা এমন পরিবেশ চাই না।
খিলগাঁও এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, ১৯ নভেম্বর ঘিরে আমার মতো সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। দেশে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক তা আমরা চাই না। কিন্তু কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যা হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নেই।
তিনি বলেন, আমরা চাই রাজনৈতিক কর্মসূচি যে দলেরই হোক, তাতে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত বা সহিংসতা ছড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আমাদের একটাই দাবি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
