NewsOne24

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:২৩ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনিও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে আগামীর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখা প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ। সীমান্তের ওপার থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো ভিন্ন নাম ব্যবহার করে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে। এসবের উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনো ভিন্ন নাম দেওয়া হচ্ছে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও তা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি—এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে মন্ত্রীর আহ্বানকে তিনি স্বাগত জানান। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই চেতনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে গড়ে ওঠা ঐক্য দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষকে আবারও ফ্যাসিবাদী শাসনের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে কিংবা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনার মধ্য দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পাশাপাশি কার্যকর উদ্যোগ নিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’

তিনি বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিতর্ক থাকতেই পারে। তবে দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান প্রয়োজন। জনগণ যেন অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর তাকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তার অবস্থান গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা ও বিতর্ক থাকবে। তবে এসব বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ সময় নিজের বক্তব্যে কক্সবাজার ও মাদক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জবাবও দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘এখন আমরা এখানে তর্ক করব, বিতর্ক করব, এখানেই থাকবে। আমার কিছু বক্তব্যে হয়তো বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিতপূর্ণ ছিল, সত্য। কিন্তু তিনিও কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আমি এ বিতর্ক করব না। আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ না। আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পরের থেকে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক ও মানব পাচার পরিস্থিতি মোকাবিলায় সরকার পদক্ষেপ নিচ্ছে। এ সংকট মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য শহীদ হয়েছেন। এ ছাড়া মাদক ও মানব পাচারকারীদের কবল থেকে ৫৬ জন নারী-পুরুষ ও শিশুকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমরা পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি।’

সংসদে দুই নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi