NewsOne24

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

তাহসিফ সৌরি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তাহসিফ সৌরি। ছবি: ফেসবুক থেকে নেওয়া


বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল। পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তার বাসা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। এরপর ২০২৪ সালের ২৮ আগস্টের কাছাকাছি সময়ে তাহসিফসহ বিমানবাহিনীর আরও ৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। তবে এসব তথ্যের নিরপেক্ষ সূত্র পাওয়া যায়নি।

নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi