NewsOne24

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:০৮ এএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আমিরাতের এই সংস্থা বলেছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করবে।