NewsOne24

পশ্চিমবঙ্গে মমতার খেলা শেষ!

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

ভারতের পশ্চিমবঙ্গের ‘বেঙ্গল প্রেসিডেন্সি’-এর কেন্দ্র হলো কলকাতা। এখানে অন্তর্ভুক্ত আরো চারটি প্রধান জেলা হচ্ছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। সহজ কথায় কলকাতা ও তার আশপাশের ঘনবসতিপূর্ণ দক্ষিণবঙ্গের অঞ্চলই বেঙ্গল প্রেসিডেন্সি নামে পরিচিত। রাজ্যের রাজনীতির গতিপথও নিয়ন্ত্রিত হয় এই অঞ্চল থেকে।

পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে মাত্র ১৪টি আসনে বিজয়ী হয় বিজেপি। এবার সেটি কমপক্ষে ৫৪টিতে পৌঁছানোর আভাস পাওয়া যাচ্ছে। বিপরীতে গত বিধানসভা নির্বাচনের তুলনায় সেখানে তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা অর্ধেকেরও বেশি কমে ৫১টিতে নামতে পারে। 

বিশ্লেষকেরা বলছেন, কলকাতা ও আশপাশের এলাকায় বিজেপির ব্যাপক সাফল্যই এবার ঘুরিয়ে দিয়েছে খেলার মোড়।

সেই সঙ্গে দলটি উত্তরবঙ্গের নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চা-বাগান অধ্যুষিত জেলাগুলোর বাইরেও নিজেদের প্রভাব বিস্তার করেছে।
২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ে ‘খেলা হবে’ গানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগেসের প্রধান নির্বাচনী সঙ্গীতে পরিণত হয়। পাঁচ বছর পর হুগলিতে সেই গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল তৃণমূল। এজন্য দলটি চুঁচুড়ার বর্তমান বিধায়ক অসিত মজুমদারকে মনোনয়ন দেয়নি।

তবে এই বাজি উল্টো ফল দিয়েছে বলেই মনে হচ্ছে।

‘খেলা হবে’ গানের রচয়িতার সামনে হাতছানি দিচ্ছে ‘খেলা শেষ’ হওয়ার সুর। গোটা বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলেই পাওয়া যাচ্ছে মমতার খেলা শেষের ইঙ্গিত। 

বিশ্লেষকেরা বলছেন, ২৯৪ সদস্যের বিধানসভায় অর্ধেকের বেশি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে হলে বিজেপিকে প্রেসিডেন্সি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুর্গে ফাটল ধরাতেই হতো। আর সেটির ইঙ্গিত এরই মধ্যে মিলতে শুরু করেছে।

উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখার পাশাপাশি বিজেপি আগে অতীতের দুর্বল এলাকাগুলোতেও উল্লেখযোগ্য সাফল্য পেতে চলেছে। এসব এলাকার মধ্যে রয়েছে আদিবাসী অধ্যুষিত মেদিনীপুর এবং বিশেষ করে প্রেসিডেন্সি অঞ্চলের বিস্তীর্ণ অংশ- কলকাতা ও আশপাশের বিভিন্ন জেলা।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্সি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দখলের অবসান ঘটছে বলেই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকারের আমলে শেষবার এমন পরিবর্তন দেখা গিয়েছিল তিন দশকেরও বেশি সময় আগে। সেবার প্রেসিডেন্সি অঞ্চলে কর্তৃত্ব হারিয়ে ক্ষমতার মসনদ থেকে ছিঁটকে যায় বামপন্থীরা। 

পশ্চিমবঙ্গের সব অঞ্চলের মধ্যে বৃহত্তম এই বেঙ্গল প্রেসিডেন্সিত রয়েছে ১০৫টি আসন। আগেরবারের নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস ৯০টি আসনে জয় পায়। আর বিজেপি মাত্র ১৪টি আসন জিতছিল। ঘোষিত সবশেষ ফল অনুযায়ী তফসিলি জনজাতি (এসটি) ও তফসিলি জাতির (এসসি) সদস্যদের যেখানে বেশি বসবাস প্রেসিডেন্সি অঞ্চলের হাওড়ার সেই এলাকাগুলোতে গেরুয়া শিবির এগিয়ে রয়েছে। এছাড়া শ্যামপুকুর, এন্টালি, বেলেঘাটা ও মানিকতলাতেও তারা জয়ের পথে। এর সবগুলোই কলকাতায়।

একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে দমদম ও দমদম উত্তরেও। তবে সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি বলে বিবেচিত এই আসনে বিজেপির দীপক কুমার হালদার এগিয়ে আছেন।

সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ‘খেলা’ এবার সত্যিই শেষের পথে। বিজেপি উত্তরবঙ্গে নিজেদের ঘাঁটি ধরে রাখার পাশাপাশি এমন সব আসনেও চমক দেখাচ্ছে যেগুলো এতদিন ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি।