জামিনে মুক্তি পেলেন সাবেক বিডিআর এর ৮ সদস্য
গাজীপুর প্রতিনিধি
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:০১ এএম, ২ মে ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দী থাকা ৮ সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এর মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিট থেকে ১ জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ৭জনকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তার কারাগার থেকে ১ জন বন্দী মুক্তি পেয়েছেন এবং বাকি ৭ জন অন্য ইউনিট থেকে মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার ৮ আসামির জামিননামা কাশিমপুর কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় জামিনে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে বন্দীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার হালিমা খাতুন জানান, যাচাই-বাছাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে ৬ জনকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়। হত্যা মামলার বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর ৮৫০ জনের রায় ঘোষণা করা হয়। এতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া ২৭৮ জন খালাস পান।
