মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে দেশের শতভাগ শিশুকে দ্রুততম সময়ের মধ্যে হামের টিকার আওতায় আনতে সরকার জোরালো কার্যক্রম পরিচালনা করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং অনেক এলাকায় লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, যে ৩০টি উপজেলায় প্রথম হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল, সেখানে বর্তমানে নতুন কোনো রোগী নেই’।
তিনি আরো জানান, টিকার প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।
বিগত ৬ বছর শিশুদের হামের টিকা না দেওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েই জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র যদি যৌথভাবে সহায়তা না করত, তবে দেশের এই মানচিত্র আজ ভিন্ন হতে পারত’।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে তাবুর ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেন, ‘১ মে (শুক্রবার) থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে তাঁবু স্থাপনের কাজ শুরু হবে। তবে আমাদের প্রধান লক্ষ্য হলো ডেঙ্গু প্রতিরোধ করা। মশক নিধনের গুরুত্বপূর্ণ কাজগুলো যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সিটি কর্পোরেশনকে বিশেষ নির্দেশনা দিয়েছি’।
নিউজওয়ান২৪.কম/গাজী NewsOne24.com/Gazi
