NewsOne24

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


বাংলাদেশ আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হলো ইউরেনিয়াম। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ।

ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।

এ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, আজ পারমাণবিক জ্বালানি লোডিং শুরু। রাষ্ট্র যখন দীর্ঘমেয়াদি চিন্তা করে শুধু তখনই এমন অর্জন সম্ভব। তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

NewsOne24.com/Gazi নিউজওয়ান২৪.কম/গাজী