বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিভ্রান্তকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এ সময় তিনি বলেন, কিছুসংখ্যক সুযোগসন্ধানী মানুষ দেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি মহল জনগণের কল্যাণে বিএনপির নেওয়া রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করতে চায়। যারা একসময় টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এসব বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির শক্তির মূল উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। বিএনপি কোনো বিদেশি শক্তির ওপর ভর করে রাজনীতি করে না, বরং জনগণের সমর্থন নিয়েই এগিয়ে চলে। বর্তমান সরকার জনগণের প্রাণের সব দাবি ধাপে ধাপে পূরণ করবে।
বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নিউজওয়ান২৪.কম/গাজী
