অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের পরামর্শ তাপসের
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৬ এএম, ২৩ আগস্ট ২০১৭ বুধবার
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করতে পারেন- আদালতে দেয়া প্রধান বিচারপতির এমন বক্তব্যের প্রতিবাদ না করায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস।
মঙ্গলবার বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির শোক দিবসের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
সুপ্রিম কোর্টের বার ভবনে শহীদ রফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভার মঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ছিলেন।
ব্যারিস্টার তাপস বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর মত নাকি আমাদের প্রধানমন্ত্রীকে উনি অযোগ্য ঘোষণা করে প্রধানমন্ত্রিত্ব থেকে বিতাড়িত করতে পারেন। হাউ ডেয়ার (কত সাহস)! উনার অর্ডার সেদিন দেখে আমার তো কালকে রাতে ঘুমই হয়নি।’
অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে আমি এর আগেও মিটিংয়ে বলেছি- আমতা আমতা করবেন না। কেন আমতা আমতা করেন আপনি? হোয়াই? আপনার কিসের উইকনেস? ইউ আর দ্য লংগেস্ট অ্যাটর্নি জেনারেল অব দ্য কান্ট্রি (আপনি দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল)। এই সুপ্রিম কোর্টের সদস্যবৃন্দ আপনাকে দুই দুইবার নির্বাচিত করেছেন।’
বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এর আগের টার্মে আপনাকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল আর এই টার্মে আপনাকে দুই দুইবার অ্যাটর্নি জেনারেল করেছেন। আপনি একজন ইতিহাস। ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি বলেন, ‘সেখানে এতবড় কমেন্ট করার পরে ইউ শুড হ্যাভ অবজেক্ট (আপনার আপত্তি জানানো উচিত ছিল)। আপনার বলা উচিত ছিল- আপনি এটা উইথড্র (প্রত্যাহার) করেন, এটা উইথড্র করতেই হবে। এটা রাষ্ট্রদ্রোহিতারও শামিল। সাংবিধানিক পোস্টে বসে আরেকটা কনস্টিটিউশনাল হেডকে উনি স্যাক (বরখাস্ত) করবেন, এতবড় কথা উনি বসে থেকে করতে পারেন না।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকা আইনজীবীরা স্লোগান ধরেন- ‘প্রধান বিচারপতির রুমে তালা দেব/তাকে কোর্টে ঢুকতে দেব না।’
এরপর প্রধানমন্ত্রীর উপর বিদেশি চাপের বিভিন্ন উদাহরণ টেনে ব্যারিস্টার তাপস বলেন, ‘শেখ হাসিনা ভেসে এসেছেন? উনি বঙ্গবন্ধুর কন্যা। কাকে আপনি স্যাক করেন?’
তিনি বলেন, ‘আপনি (প্রধান বিচারপতি) থ্রেট (হুমকি) দেন। আর সেটা শুনে অ্যাটর্নি জেনারেল ওখানে বসে মুখ বুজে থাকেন। ইউ শুড হ্যাভ রিজাইন (আপনার পদত্যাগ করা উচিত ছিল)।’
এসময় অনেকটা ব্যঙ্গ করে বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য বলেন, ‘হাতি ঘোড়া গেল তল, কে জানি আইসা মনিপুরী থেকে বলে কত জল।’
পরে আলোচনায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মিডিয়ায় প্রধান বিচারপতির ওইদিনের যে বক্তব্য এসেছে, সেটি সঠিকভাবে আসেনি।’
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ জ্যেষ্ঠ আওয়ামীপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪.কম
