গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান
যৌনকর্মী, খদ্দেরসহ আটক ৯৪
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ২২ আগস্ট ২০১৭ মঙ্গলবার
গাজীপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুমাস বন্ধ থাকার পর আবারো আবাসিক হোটেলে শুরু হয় অবৈধ যৌন ব্যবসা। স্থানীয়দের দাবিতে বন্ধের ব্যাপারে জেলা প্রশাসকের কঠোর মনোভাব, আর এ নিয়ে নানা সমালোচনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকার অন্তত ১০টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ মোট ৯৪ জনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ডি আই-২ মোমিনুল ইসলাম জানান, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম) এর নির্দেশে নগরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও টঙ্গীর বিভিন্ন এলাকার বৈশাখি, শাপলা, রাজমনি, ঈশ খা, রোজ গার্ডেন, এয়ার ইন্টারন্যাশনাল, অনামিকা ও স্বাগতম আবাসিক হোটেলসহ অন্তত ১০টি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এসময় অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং আদালতে চালান করা হবে।
এদিকে গত ১৮ আগষ্ট গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির কাছের রোজ ভ্যালি আবাসিক হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২৬ জন নারী ও খদ্দেরসহ ২১ জন পুরুষকে গ্রেপ্তার করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবিরের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়ার নেতৃত্বে ব্যাটেলিয়ন আনসার ওই অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় দুমাস আগে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ওই হোটেলে অভিযান চালিয়ে ৩৫ জন নারী-পুরুষকে আটক করে এবং হোটেলটি সিলগালা করে স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই নাজমুলকে হোটেলের চাবি বুঝিয়ে দেন নির্বাহী ম্যজিস্টেট।
নিউজওয়ান২৪.কম
