নির্বাচন কমিশনকে দেয়া সাংবাদিকদের ২০ পরামর্শ
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৬ আগস্ট ২০১৭ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও সুশীল সমাজের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধের সঙ্গেও সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে বুধবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ২৬ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।
সংলাপ শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বেলা আড়াইটায় প্রাপ্ত পরামর্শ সংবাদ সম্মেলনে তুলে ধরেন। নিউজওয়ান২৪ডটকমের পাঠকদের জন্য পরামর্শগুলো তুলে ধরা হলো-
১. সবার অংশগ্রহণে নির্বাচন প্রত্যাশা করেন গণমাধ্যম প্রতিনিধিরা।
২. বিদ্যমান আইন সঠিকভাবে প্রয়োগ করার পরামর্শ।
৩. সেনা মোতায়েনের পক্ষে বলেছেন কেউ কেউ। অধিকাংশই বলেছেন সেনা মোতায়েনের প্রয়োজন নেই। প্রয়োজন হলে কমিশন সিদ্ধান্ত নেবে।
৪. ‘না’ ভোটের পক্ষে-বিপক্ষে মত এসেছে। কেউ ভালো বলেছেন, কেউ কেউ ‘না’ ভোটের বিপক্ষে বলেছেন।
৫. দেশি-বিদেশি পর্যকবেক্ষকদের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
৬. গণপ্রতিনিধিত্ব আদেশ বাংলায় করার পরামর্শ।
৭. জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুননির্ধারণ করার পরামর্শ।
৮. সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
৯. আচরণবিধি প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ।
১০. প্রবাসীদের ভোটার ও ভোট দেওয়ার ব্যবস্থার প্রস্তাব এসেছে।
১১. নিরপেক্ষ কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ করা।
১২. ধর্মকে কোনোভাইবে যাতে ভোটের প্রচারে ব্যবহার করতে না পারে।
১৩. অবৈধ অর্থ ও পেশি শক্তির ব্যবহার রোধ।
১৪. প্রার্থীদের হলফনামা প্রকাশ ও প্রচারের উদ্যোগী হতে হবে।
১৫. নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও কাউকে যেন ভোটকেন্দ্রে গিয়ে ফিরে আসতে না হয়।
১৬. কমিশনকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
১৭. অনলাইনে মনোনয়ন নেওয়ার সুযোগ দিতে হবে।
১৮. লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
১৯. ভোটার ও প্রার্থীর আস্থা তৈরি করতে হবে। এবং
২০. নারী ভোটার উপস্থিতি ও নারী নেতৃত্বের অগ্রগতি ধরে রাখতে কমিশনকে ভূমিকা নিতে হবে।
এ সংলাপের মাধ্যমে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম হচ্ছে বলে আশা প্রকাশ করেন হেলালুদ্দীন আহমদ।
সংলাপে গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নূরুল কবীর, সাইফুল আলম, আশিস সৈকত, মোস্তফা কামাল, মতিউর রহমান চৌধুরী, খন্দকার মুনীরুজ্জামান, শ্যামল দত্ত, নাঈমুল ইসলাম খান, নঈম নিজাম, আনিস আলমগীর, মো. শফিকুর রহমান, ফরিদা ইয়াসমিন, সামশুল হক, মনজুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, মো. আব্দুল্লাহ, মাহফুজউল্লাহ, কাজী সিরাজ, আনিসুল হক, আমানুল্লাহ কবীর, গোলাম মর্তুজা, বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সোহরাব হাসান, কাজী রোকনুদ্দীন আহমদ প্রমুখ।
নিউজওয়ান২৪.কম
