শোক দিবসের কর্মসূচিতে জিঞ্জির ব্যবহারের যে ভিডিওটি ভাইরাল
তাজা খবর ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪০ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার
চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও শোক মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো- ভিডিওতে দেখা গেছে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কোনো কর্মসূচিতে প্রথমবারের মতো জিঞ্জির (ধারালো ছুরি-ব্লেড সংযুক্ত চাবুকের মতো দেখতে) ব্যবহার করেছেন অংশগ্রহণকারীরা। যা সাধারণত বাংলাদেশে পবিত্র আশুরায় সিয়া মুসলিমরা তাজিয়া মিছিলে ব্যবহার করে থাকেন। আর একে ঘিরেই চলছে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, ১৩ আগস্ট রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে ঢাকার অভিমুখে রওনা দেওয়ার প্রাক্কালে ব্যাতিক্রমধর্মী শোক মিছিল ও মানববন্ধনটির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজী ইকবাল নামের এক ব্যক্তি। আর ভিডিওটি তিনি নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, জাতীয় শোক দিবসের ব্যানার হাতে মানববন্ধনে অংশ নিয়েছনে কিছু স্থানীয় নেতাকর্মী। আর এতে ‘মুজিব কোট’ পরহিত হাজী ইকবাল বক্তব্য রাখছেন।
বক্তব্যে তিনি বলেন, ‘মানববন্ধনের পরে আমরা একটি ব্যতিক্রমধর্মী, যিনি আমাদেরকে রক্ত দিয়েছেন, আজকে আমরা সেই রক্ত ঝরাব। আমরা রক্ত দেয়ার জন্য সৈনিকরা..., আমরা যারা আছি তারা অল্প কিছুক্ষণের মধ্যে মিছিল সহকারে আপনাদের সামনে আমাদের রক্ত দিয়ে...।’
‘আমি এখন মাতমের উদ্বোধন ঘোষণা করছি। হায় মুজিব..., হায় মুজিব... হায় মুজিব...’, বলেই নিজের হাতে থাকা জিঞ্জির দিয়ে আঘাত করতে থাকেন। সঙ্গে থাকা বাকিরাও বলতে থাকেন, ‘হায় মুজিব..., হায় মুজিব... হায় মুজিব...’,
হাজী ইকবালকে অনুসরণ করে কেউ কেউ নিজেদের শরীরে জিঞ্জির দিয়ে আঘাত করতে থাকেন আর বলতে থাকেন, ‘হায় মুজিব..., হায় মুজিব... হায় মুজিব...।’
ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করে হাজী ইকবাল ক্যাপশনে লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য স্মরণীয়। বঙ্গবন্ধুর পরিবারের রক্ত বৃথা যেতে দেব না- থিম নিয়ে আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে জিঞ্জির চাকু দিয়ে রক্তের বন্যা বয়ে দিলাম । জয় বাংলা বলে আগে বাড়ো… শোক মাতমে ঢাকা চলো।‘
জানা গেছে, জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজী ইকবাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে সরবে-নিরবে কাজ করছেন মক্কা আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক।
নিউজওয়ান২৪.কম
