দুর্ঘটনা ও আত্মহত্যা: ঢামেক মর্গে একদিনে ৭ লাশ
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান24.কম
প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১০ এপ্রিল ২০১৬ রোববার | আপডেট: ০১:০৪ পিএম, ১১ এপ্রিল ২০১৬ সোমবার
ঢাকা: রোববার রাজধানীর পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ও আত্নহত্যার ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- তানজিলা খাতুন (১৮), অজ্ঞাত পরিচয় নারী (৪০), আজহার হোসেন (৪০), শাজাহান (৩০), হুমায়ুন কবীর বসু (২৬), মোকাম্মেল (৫৫) পুরুষ ও অজ্ঞাত (৩০)।
রোববার সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে আনা হয়। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, ভোর সাড়ে ৬টায় তুরাগ থানার এসআই মাহবুব আলী তানজিলা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসেন। তানজিলা গাওনিয়া আব্দুল মমিন মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী। পূর্ব গাওনিয়ার আব্দুল ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের স্বামীর নাম হারুন অর রশিদ। এসআই মাহবুব জানান, ভোররাতে খবর পেয়ে ওই বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর থানার এসআই আহসান হাবীব মধ্যমনিপুর ৩৭৫ নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় হুমায়ুন কবীর বাসু (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তিনি জানান, ওই বাসার বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করা হয়।
সকাল পৌনে ৭টায় ওয়ারী থানার এসআই সুশান্ত অজ্ঞাত এক পুরুষের (৩০) মৃতদেহ ঢামেক মর্গে নিয়ে আসেন। তিনি জানান, ধোলাইখালে ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
সকাল ৭টার দিকে মোকাম্মেল হক (৫৫) নামের এক ব্যাক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসেন রামপুরা থানার এসআই কবিরুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে বনশ্রী ব্লক-বি রোড নং ৩ এর ৩৬ নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের ভাই রাসেল জানান, সংসারে অভাব অনটনের কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মোকাম্মেল।
একই সময়ে বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান এক অজ্ঞাত পরিচয় নারীর (৪০) মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসনে। তিনি জানান, ট্রাকের ধাক্কায় ভোররাতে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মৃত্যু হয়। পরে কাওলা বাস স্ট্যান্ড থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে আনা হয়।
বেলা ৩ টায় জিআরপি থানার এসআই সিরাজুল ইসলাম আজহার হোসেন (৪০) নামের এক ব্যাক্তির মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসেন। তিনি জানান, মগবাজার অয়্যারলেস গেটের সামনে ট্রেনের ধাক্কায় আজহার হোসেন নিহত হন।
বিকেল সাড়ে ৫টায় শাজাহান (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢামেক মর্গে
নিয়ে আসেন সহকর্মী ঝণ্টু মিয়া। তিনি জানান, দক্ষিণখান থানা এলাকার গাওয়াইল এলাকার স্বপনের নির্মানাধীন ৩ তলা বাড়ির ছাদ থেকে পড়ে শাজাহান গুরুতর আহত হন। পরে তাক ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/এইচভি/এসএল
