NewsOne24

৫ কোটি টাকার গাড়ি চালানো হচ্ছিল শুল্ক ফাঁকি দিয়ে!

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০১৬ রোববার

ঢাকা: রাজধানীর পর এবার সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫ কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

গোপন সূত্রে খবর পেয়ে টানা ৩৬ ঘণ্টার অভিযানের পর রোববার ভোররাতে সিলেট থেকে গাড়িটি জব্দ করে গোয়েন্দারা। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মার্সিডিজ বেঞ্জ ব্রান্ডের ১৯৮০ সিসির সিডিআই অ্যালিগ্যান্স-২০০৬ মডেলের গাড়িটি ২০১২ সালে ক্রয় করেন লন্ডন প্রবাসী আব্দুল মালেক। এরপর এটি শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়। তার পর থেকে গাড়িটি ভুয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেট (ঢাকা-৬১৪/ও) লাগিয়ে চালানো হচ্ছিল। গাড়িটি রাখা হতো আব্দুল মালেকের মালিকানাধীন সিলেটের এয়ারপোর্ট রোডের ই/১০ বিএম টাওয়ারে।

সূত্র জানায়, খবর পাওয়ার পর শুল্ক গোয়েন্দারা গত শুক্রবার সকালে বিএম টাওয়ারে প্রথম দফা অভিযান চালায়। কিন্তু টের পেয়ে এর আগেই আব্দুল মালেক অবৈধ গাড়িটি অন্যত্র সড়িয়ে ফেলেন। পরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে সিলেট থেকেই গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

নিউজওয়ান২৪.কম/এসএল